যমুনায় বালুবাহী বল্কহেড চলাচলে চৌহালীতে ভাঙন, জনতা বিক্ষোভ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৭ পিএম

মাহমুদুল হাসান, চৌহালী: যমুনা নদীর পূর্ব তীর রক্ষা বাঁধের পাশ দিয়ে বালুবাহী বল্কহেড চলাচলে জিও ব্যাগ ডাম্পিং ও ব্লক ধস এবং ভাঙন দেখা দিয়েছে। ফলে বালুবাহী বল্কহেড ঠেকাতে সিরাজগঞ্জের চৌহালীতে সোমবার বিকেলে আবারও বিক্ষোভ করেছে জনগণ।

কোটি টাকার তীর রক্ষা বাঁধ, নতুনে ভাঙন, উপজেলা পরিষদ, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সকল স্থাপনা রক্ষার্থে বালুবাহী বল্কহেড চলাচল বন্ধ করার দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে চলছে ভুক্তভোগী জনসাধারণ। যমুনা নদীর পূর্ব তীরে বল্কহেড চলাচল করায় ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে চৌহালী-বাসী।

ইউনিয়ন পরিষদ, হাট-বাজার ও উপজেলা পরিষদ, অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান এবং জনবসতি রক্ষা সহ উপজেলার বাকি অংশটুকু রক্ষার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। তবে বর্তমান ভাঙনের মূল কারণ যমুনা নদী দিয়ে রাতদিন বাল্কহেড দিয়ে বালি সরবরাহ, ড্রেজার, ভেকু ও মাহেন্দ্র নামে অবৈধ গাড়ি দিয়ে মাটি ও বালু কাটা। তথ্য সূত্রে জানা গেছে, গত মাসে জনগণের বিক্ষোভের ঘটনায় তোপের মুখে পড়ে প্রশাসন। সেই সালিশি বৈঠককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার বল্কহেড চালু করা হয়েছে। কমিশনারের পক্ষ থেকে ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং দেখিয়ে চালানো হচ্ছে বল্কহেড এমন দাবি করেন নদী পারের মানুষ ও বিক্ষোভকারীরা।

সবকিছু হারিয়ে যতটুকু আছে তা নিয়ে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, ফসলি জমি ও বসতভিটা রক্ষায় মানববন্ধনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানিয়ে স্থানীয়রা প্রতিকার পেতে বিভিন্ন দপ্তরের দৌড়ঝাঁপ শুরু করেছে। তাই স্থানীয়দের জোর দাবি ভাঙন রোধে চাই স্থায়ী বাঁধ ও বালুবাহী বল্কহেড বন্ধ। এছাড়াও এলাকাবাসী ভাঙন রোধে এবং বাল্কহেড যমুনা নদীতে চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে।

ভাঙন কবলিত স্থানীয় বাসিন্দা আবুল বাশার গণমাধ্যমকে জানান, বেশকিছু দিন যাবত যমুনার তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মূল কারণ বালু মহলের শত শত বাল্কহেড বালু নিয়ে চলাচল। সোমবার বিকেলে উপজেলা নৌ ঘাট, জনগণ ও বল্কহেড রক্ষার্থে জনতার বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন।

Link copied!