জাটকা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে যশোরের কেশবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কেশবপুর বড় মাছ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা চলাকালে জাটকা মাছ বিক্রির অপরাধে পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর গ্রামের আফসার আলী বিশ্বাসের ছেলে কামরুজ্জামানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কেশবপুর বড় মাছ বাজারে আইন ভঙ্গ করে জাটকা ইলিশ বিক্রির দায়ে কামরুল বিশ্বাসকেও নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জব্দকৃত সব জাটকা ইলিশ মাছ পরবর্তীতে কেশবপুর শিশু সদন এতিমখানায় হস্তান্তর ও বিতরণ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, জাটকা ইলিশ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। জাটকা সংরক্ষণ না হলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জব্দকৃত মাছ জনকল্যাণমূলক কাজে ব্যবহারের অংশ হিসেবে এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :