উপকূলীয় উন্নয়নে ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয়

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫০ পিএম

এস কে সিরাজ, শ্যামনগর: উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর জোর দিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা এবং ইউনিয়ন পর্যায়ে আদর্শ গ্রাম গঠনের লক্ষ্যে আয়োজিত এ সভায় উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ ও ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সক্রিয়তার প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।

শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)-এর আয়োজনে এবং ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (BID4CJ)’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, “আদর্শ গ্রাম গঠন করতে হলে ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। বিশেষ করে স্ট্যান্ডিং কমিটিগুলোকে সক্রিয় ও গতিশীল করতে পারলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তব রূপ পাবে।”

তিনি চেয়ারম্যানদের আহ্বান জানান, “দুর্যোগ ব্যবস্থাপনা, নারী ও শিশু উন্নয়ন, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা বিষয়ক স্ট্যান্ডিং কমিটিগুলোর নিয়মিত সভা আয়োজন, কার্যপরিকল্পনা গ্রহণ এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এতে করে আদর্শ গ্রাম গঠনের ভিত্তি শক্তিশালী হবে।”

বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, “স্থানীয় উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি। ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতে এসব কমিটির সক্রিয় ভূমিকা নিশ্চিত করা গেলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, দায়িত্ব বণ্টন এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে কমিটিগুলোকে কার্যকর করে তুলতে হবে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার ও প্রশাসনের সমন্বয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ সমাজ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!