ফরিদপুরে সংঘটিত আন্তঃজেলা ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১৮টি চোরাই ইজিবাইক ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ। সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, ফরিদপুর সদর কোতোয়ালি থানা এলাকার একটি ইজিবাইক পার্কিং থেকে ইজিবাইক চুরির ঘটনায় ভুক্তভোগী চালক মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রথমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পর্যায়ক্রমে চক্রের আরও সদস্যদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ইজিবাইক চুরি করে আসছিল। চুরি করা ইজিবাইক শনাক্ত এড়াতে সেগুলো ভেঙে যন্ত্রাংশ আলাদা করা, রং পরিবর্তন, ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করা এবং অবৈধ গ্যারেজে পুনরায় সংযোজন করে বিক্রি করা হতো।
পুলিশের অভিযানে ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও কোতোয়ালি থানা এলাকাসহ শরীয়তপুর ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৮টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইজিবাইকগুলোর মধ্যে ১৩টি সচল এবং ৫টি অচল অবস্থায় রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ ও কাটার মেশিন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইজিবাইকগুলোর একটি কোতোয়ালি থানায় দায়ের করা মামলার চুরি হওয়া ইজিবাইক হিসেবে বাদী শনাক্ত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মো. আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর এবং ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আপনার মতামত লিখুন :