কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স আটক করলো বিজিবি

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০৫:০৩ পিএম

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। রোববার ভোররাতে আদর্শ সদর উপজেলার মোঘলটুলী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রীর একটি বড় চালান আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আনুমানিক ভোর ৫টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন কটকবাজার পোস্টের একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্তের ৫ কি.মি. অভ্যন্তরে মোঘলটুলী নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ অবৈধভাবে আনা মালামালগুলো জব্দ করতে সক্ষম হয়।

উক্ত অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, উন্নত মানের ভারতীয় কসমেটিক্স সামগ্রী ও একটি পরিবহনকারী যানবাহন। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এই বিশাল চালানের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৪৭,৫৫,৬০০/- (সাতচল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত) টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিকটস্থ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক পাচার, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবি’র এই ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Advertisement

Link copied!