আমার লাশে পা দিয়ে আপনাদের মাদক ব্যবসা করতে হবে- এমপি জসীম উদ্দিন

ফয়সাল মুবিন পলাশ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ পিএম

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন বলেছেন, “আমার লাশে পা দিয়ে আপনাদের মাদক ব্যবসা করতে হবে।” গতকাল শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “অনেকে আমাকে বলেন, ভাই আপনি সাবধানে থাকবেন। আমার ভাই বোন নাই। আপনারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমাকে ঈমানী দায়িত্ব দিয়েছেন। এই ঈমানী দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হলেও কোনো আফসোস থাকবে না। যেই কয়দিন দায়িত্বে আছি, ঈমানী দায়িত্ব পালন করব।”

মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি দেখতে চাই মাদক ব্যবসায়ীরা শক্তিশালী নাকি আমরা শক্তিশালী। এই ব্যাপারে কোনো ছাড় নয়। আমি শুনেছি কিছু কিছু মাদক ব্যবসায়ী নাকি সাধারণ মানুষকে হুমকি ধমকি দিচ্ছেন।”

বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার উন্নয়ন বিষয়ে তিনি বলেন, “রাস্তাঘাটের উন্নয়নের বিষয়ে আপনাদের ভাবতে হবে না। জরুরি যে সকল রাস্তা চলাচলের অনুপযোগী, সব রাস্তা করে ফেলব। বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য কিছুদিনের মধ্যে ঋষি কোটি টাকার উন্নয়ন কার্যক্রম শুরু করব।”

বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় এই মাদকবিরোধী সভায় উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাইফুল ইসলাম টিপুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।

Advertisement

Link copied!