কুমিল্লায় দানবীর শিল্পপতি মোবারক উল্লাহ মজুমদারের স্মরণে দোয়া মাহফিল

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০১:০২ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪নং উত্তর ঝলম ইউনিয়নের দেবপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মো. মোবারক উল্লাহ মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৫ মার্চ ২০২৬, বুধবার দুপুর আনুমানিক ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে লাকসাম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিলেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গত ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার বাদ আসর উত্তর ঝলম ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘মজুমদার স্কয়ারে’ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতে মরহুমের আত্মার শান্তি ও জান্নাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

আলহাজ্ব মোবারক উল্লাহ মজুমদার ছিলেন একজন সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মামটেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এছাড়াও তিনি মামটেক্স কম্পোজিট ইন্ডাস্ট্রিজ, মজুমদার এগ্রো অ্যান্ড ফিশারিজ এবং ফোরাত কর্পোরেশনের স্বত্বাধিকারী ছিলেন। ব্যবসায়িক নেতৃত্বে তিনি বিজিএপিএমইএ-র সিনিয়র সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এলাকাবাসী তাঁকে দেবপুর গ্রামের এক ‘কিংবদন্তি’ হিসেবে স্মরণ করেন। তিনি ছিলেন গরিব-দুস্থ ও অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল। একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী হিসেবে তিনি এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। শোকসভায় বক্তারা মরহুমের ছেলেদের প্রতি আহ্বান জানান যেন তাঁরা তাঁদের বাবার মানবিকতা, দানশীলতা ও জনসেবার এই মহান ধারা অব্যাহত রাখেন।

মোবারক উল্লাহ মজুমদারের মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দলের দুঃসময়ে তাঁর বলিষ্ঠ ও নির্ভরযোগ্য ভূমিকার কথা আজীবন স্মরণে থাকবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

আল্লাহ পাক মরহুম মো. মোবারক উল্লাহ মজুমদারকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন। আমীন।

Advertisement

Link copied!