মানবতা ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানের

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০৮:০১ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত মানবতা, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার মস্তানগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান বিশ্বে মানবতা, ধর্ম ও রাষ্ট্রব্যবস্থা এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন মতবাদ ও স্বৈরাচারী রাজনৈতিক শক্তির প্রভাবে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। সহিংসতা, বৈষম্য, দমন-পীড়ন, বাস্তুচ্যুতি ও সংঘাতের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, একক গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি এবং ধর্মের অপব্যাখ্যা সমাজে বিভাজন সৃষ্টি করছে। কিছু গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানবিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, যা প্রকৃত ধর্মীয় শিক্ষার পরিপন্থী। একইভাবে বস্তুবাদী ও একক জাতীয়তাবাদী চিন্তাধারাও মানবতার সার্বজনীন চেতনাকে দুর্বল করে দিচ্ছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, "আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে সকল ধর্ম, বর্ণ, ভাষা ও মতের মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। মানবতার ভিত্তিতে ন্যায় ও সাম্যের সমাজ গঠনই ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য।"

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের কো-চেয়ারম্যান ফাতেহা হায়াত। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবরার চিশতি, আল্লামা রেজাউল কাওসার।

এছাড়াও সংগঠনের মীরসরাই উপজেলা আহ্বায়ক রেজাউল করিম, আজাদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁরা সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement

Link copied!