র‍্যাবের জালে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা বাচা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ পিএম

দিদারুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরী এবং পার্শ্ববর্তী সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও বায়েজিদ বোস্তামী এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েমকারী সাদ্দাম হোসেন, যিনি স্থানীয়ভাবে ‘গলাকাটা বাচা’ নামে পরিচিত, তাকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। গত ০৩ এপ্রিল ২০২৬, শুক্রবার, এক শ্বাসরুদ্ধকর অভিযানে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, ভূমি দখলসহ অসংখ্য মামলার এই পলাতক আসামির গ্রেপ্তারে বায়েজিদ, সীতাকুণ্ড ও জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর একাধিক থানার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক ও অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ (৩৭) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল গত ০৩ এপ্রিল আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে উক্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। তার পিতার নাম আব্দুল করিম এবং তার স্থায়ী ঠিকানা বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধার কলোনী বলে জানা গেছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডবল মুরিং, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ্ এবং সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ও ভূমি দখলসহ মোট ০৭টি মামলার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ শুধু একজন সাধারণ সন্ত্রাসী নন, তিনি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের এক মূর্তিমান আতঙ্ক। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের মতে, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Advertisement

Link copied!