মোঃ আল আমিন, মালদ্বীপ: মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ‘নতুন সরকারের নিকট প্রবাসীদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর (এমপি, পটুয়াখালী-৩) প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে নেওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নূর তাঁর বক্তব্যে প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অভিহিত করে বলেন, "প্রবাসীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এখন থেকে প্রবাসীদের মৃত্যুদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে নেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন সরকার প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবপাচার প্রতিরোধ বিষয়ক সম্পাদক ও মালদ্বীপ শাখার উপদেষ্টা জিয়া খাঁ, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি জেনারেল মো. সাজ্জাদ হোসেন, এনবিএন মানি ট্রান্সফারের সিইও মো. মাসুদুর রহমান এবং মো. দিদারুল আলম ভূঁইয়া ও মো. মাসুম মুন্না। বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অসংখ্য প্রবাসী কর্মী অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তারা প্রবাসীদের দীর্ঘদিনের যৌক্তিক ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি জোর আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সবুর। সবশেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :