ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও একজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৪ মার্চ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ভালুকা থানার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে মো. সোহেল রানা (৩৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝায়াইল ইউনিয়নের মহাইল এলাকার তোরাব আলী ওরফে তোরাপ আলীর ছেলে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নেওয়ার সময় মারধর করেন। এ ছাড়া কারখানার কর্মীদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন এবং লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে উসকানি দেন।
পুলিশ জানায়, এ মামলায় আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া তিনজন আসামি সোহেল রানার নাম প্রকাশ করেছেন।
এ নিয়ে দীপু চন্দ্র দাস হত্যা মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা পুলিশ জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :