খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৪:১৪ পিএম

অজয় সেন ত্রিপুরা: খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ-এর উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনায় ইউপিডিএফ (প্রসীত) কে দায়ী করেছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকাল ৮:৩০ ঘটিকার সময় পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করছে গণতান্ত্রিক ইউপিডিএফ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, "এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনভাবেই জড়িত নয়।"

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Advertisement

Link copied!