কক্সবাজারের টেকনাফ ও শাহপরীর দ্বীপ এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকানো অবস্থায় প্রায় ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড সংশ্লিষ্ট এলাকায় রাডার নজরদারি ও টহল জোরদার করে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে বোটটি আটক করে। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ সময় ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :