ঈদ শেষে কর্মস্থলে ফেরা: পীরগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়, ভোগান্তি কমাতে তৎপর প্রশাসন

মোঃ হানিফ মিয়া , পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৬:৪১ পিএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে রংপুরের পীরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে যাত্রীদের উল্লেখযোগ্য চাপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবার কর্মজীবনে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন মানুষ। তবে এ যাত্রায় পরিবহন সংকট, নির্ধারিত সময়ের গাড়ি না পাওয়া এবং আসনসংকটসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেক যাত্রী। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।

অনেক যাত্রী অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে প্রশাসনের নজর এড়িয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনাও ঘটছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দিয়েও অনেক সময় আসন নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান তারা। তবে সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো। পীরগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর মামুনুর রশীদ মামুন বলেন, “গতবারের তুলনায় এবারের ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীর সংখ্যা কিছুটা কম। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি এবং যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।”

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করতে চেকপোস্ট বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদ পরবর্তী কয়েকদিন এ চাপ অব্যাহত থাকতে পারে। তাই যাত্রীদের আগেভাগে যাত্রা পরিকল্পনা করা এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!