সরিষাবাড়ীর রাধানগর এখন ‘মিনি কক্সবাজার’

রিমল তালুকদার , ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৯:১৯ পিএম

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীর তীরবর্তী রাধানগর এলাকাটি এখন দর্শনার্থীদের কাছে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর মনোরম পরিবেশ উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করছেন অসংখ্য মানুষ।

শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাধানগর যমুনা তীরে হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে আসা মানুষজন পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে নদীর পাড়ে সময় কাটাচ্ছেন। অনেকেই নৌকায় ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ নদীর তীরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। স্থানীয়রা জানান, যমুনা নদীর বিস্তৃত বালুচর, শীতল বাতাস ও খোলামেলা পরিবেশ এই এলাকাকে বিনোদনের জন্য আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

তবে দর্শনার্থীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। স্থানীয়দের দাবি, পর্যটন সম্ভাবনাময় এই এলাকাকে ঘিরে পরিকল্পিত উন্নয়ন ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হলে রাধানগর হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

Link copied!