কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে এক ব্যবসায়ীকে অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে মোটা অঙ্কের টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার জিডি নং-১২৪৪/ ২৬/০৩/২০২৬।
ঘটনাটি উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিজলিয়া এলাকায় ঘটেছে। জানা গেছে, গত ২৪ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে হিজলিয়া এলাকার মৃত মোহাম্মদ হোসনের ছেলে ও ওয়ার্কশপ ব্যবসায়ী মোহাম্মদ আবছার মিয়াকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর (০১৬০৬৫৭০৬৬৭) থেকে কল করা হয়। কলদাতা হঠাৎ করে তাঁর কাছে সাত লক্ষ টাকা চাঁদা দাবি করে।
হুমকিদাতা আরও জানায়, দাবিকৃত সাত লক্ষ টাকা দুই দিনের মধ্যে পরিশোধ না করলে যেকোনো সময় তাঁকে গুলি করে হত্যা করা হবে। শুধু তাই নয়, তাঁর ছোট ছেলে-মেয়েরা স্কুল বা মাদ্রাসায় যাতায়াতের সময় তাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হবে এবং পরবর্তীতে হত্যা করে লাশ গুম করা হবে বলেও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
অজ্ঞাতনামা ব্যক্তি কথোপকথনের এক পর্যায়ে দাবি করে, এর আগেও তারা দুইজনকে অপহরণ করে হত্যা করে লাশ গুম করেছে—যা ভুক্তভোগী পরিবারকে আরও আতঙ্কিত করে তোলে।
ভুক্তভোগী মোহাম্মদ আবছার মিয়া জানান, “অজ্ঞাত ব্যক্তি প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। আমার সন্তানরা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় অপহরণের হুমকির মধ্যে রয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, “অব্যাহত এসব হুমকির কারণে আমরা পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের জান-মালের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছি।”
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “ভুক্তভোগী একটি জিডি থানায় দায়ের করেছেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
আপনার মতামত লিখুন :