কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় ফসলি জমির মাটি কাটার অভিযোগে ভোররাতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার। এতে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল অংশ নেয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে আমড়াতলী এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অন্যত্র ভরাট করা হচ্ছিল। এর ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোটিশ্বর এলাকার বাসিন্দা সালাম সরকার দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছিলেন। তবে অভিযান চলাকালে তাকে পাওয়া যায়নি। এ সময় তার ভাতিজা মুজাহিদকে আটক করে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার বলেন, “ফসলি জমি রক্ষা করা আমাদের অগ্রাধিকার। কোনোভাবেই কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :