শিক্ষাপ্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ফয়সাল মুবিন পলাশ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৫:৩৭ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আসন্ন এসএসসি পরীক্ষার প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। শুধু পরীক্ষার সময়ই নয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা জরুরি, যাতে প্রতিটি প্রতিষ্ঠানকে মনিটরিং করা যায়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় শিক্ষামন্ত্রী কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিগত বছরগুলোর ফলাফল নিয়ে বোর্ড কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করেন। এসময় তিনি কর্মকর্তা ও শিক্ষকদের নকল বন্ধের বিষয়ে কঠোর হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "এর আগের কয়েক বছরের ক্রমাগত ফলাফলের তুলনায় গতবছর হঠাৎ ফলাফলের হার অনেক কমে গিয়েছে। তারমানে এমন হতে পারে সেসব বছরগুলোতে নকলের প্রবণতা কিংবা কোনো অনিয়ম ছিল। তাই নকল বন্ধ করতে বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সবচেয়ে বেশি সতর্ক হতে হবে।"

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় করেন।

Advertisement

Link copied!