মিরসরাইয়ে বাসের ধাক্কায় ১৪ জন আহত

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০১:২৪ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় ১৪ জন আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের মস্তাননগর এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন—এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫), ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), ওমর আলী (৬০), কফিল উদ্দিন (৭০), জাহানারা (৪১), হালিম (৪৫) এবং সাহেব আলী (৪৮)। তাঁরা সকলে কুমিল্লা জেলার তিতাস এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগরে ফারদিন পাম্পে জ্বালানি তেলের জন্য লম্বা লাইনের কারণে যানবাহনের গতি ধীর হয়ে যায়। এই সময় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ৩৭ জন যাত্রীর মধ্যে ১৪ জন যাত্রী আহত হন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ফটিকছড়ি দরবার শরীফ থেকে কুমিল্লার গৌরীপুর যাওয়ার পথে মস্তাননগর এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, "আমরা এসে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করছি, চালকের চোখে ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভীর হাসান বলেন, "রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করি। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।"

Link copied!