বান্দরবান সীমান্তে সামাজিক বনায়নের গাছ কেটে লুটের অভিযোগ

মো: হাসান , বান্দরবান জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫২ পিএম

বান্দরবান সীমান্তে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের বড়দুয়ারা ফরেস্ট বিটের অধীন হলুদিয়া মইন্নারটেক এলাকায় সামাজিক বনায়নের গাছ কেটে লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় বন বিভাগের সামাজিক বনায়নের অন্তত ২০টিরও বেশি আকাশমনি গাছসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এতে বন বিভাগের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুযোগ বুঝে রাতের আঁধারে গাছ কেটে গাড়িযোগে পাচার করা হচ্ছে। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এই কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলেও ধারণা করছেন তারা। তবে কারা সরাসরি জড়িত—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম শোনা গেলেও বাস্তবে নিশ্চিতভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পদুয়া রেঞ্জের বড়দুয়ারা ফরেস্ট বিট কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী বলেন, "এ ধরনের একটি তথ্য পেয়েছিলাম। তবে তদন্ত করে এখন পর্যন্ত গাছ কাটার সত্যতা পাওয়া যায়নি।"

ঘটনাটি নিয়ে বন বিভাগ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

হলুদিয়া মইন্নারটেক এলাকায় সামাজিক বনায়নের গাছ কেটে ফেলার পর পড়ে থাকা গাছের গুঁড়ি—পাশেই নির্বিঘ্নে চরছে গবাদিপশু, নজরদারির অভাবে উজাড় হচ্ছে বন।

Link copied!