চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় আরও দুইজন পলাতক রয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সামগ্রিক তত্ত্বাবধানে গতকাল (৫ এপ্রিল) থানার দুটি দল পৃথক স্থানে অভিযান চালায়।
প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ আইয়ুব খাঁন ও এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজ মেহের এলাকার মান্নানের স-মিলের সামনে পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় আরমান হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে তার নিজ হেফাজত থেকে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আরমান নবাবপুর (মনির মেম্বার বাড়ি) এলাকার মৃত মনির হোসেনের ছেলে। এ ঘটনায় অপর আসামি মেহেদী হাসান (২৬) সুকৌশলে পালিয়ে যান। তার ঠিকানা নবাবপুরের বসুবাড়ি।
অপর অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন ও এএসআই (নিঃ) হাবিবুর রহমান দক্ষিণ টামটা ইউনিয়নের শিবপুর এলাকার পাটোয়ারী বাড়ি সংলগ্ন সুমনের দোকানের সামনে অভিযান চালান। সেখানে তারা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সোহাগ হোসেন (৩০) ও মোঃ রিপন পাটোয়ারী (৪০)। সোহাগ হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকার মৃত ফজর আলীর ছেলে, এবং রিপন শাহরাস্তির ভাটনীখোলা এলাকার মৃত সফিউল্লাহ পাটোয়ারীর ছেলে। তাদের কাছ থেকে যথাক্রমে ২০ ও ৩ পিস—মোট ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর এলাকার সুমন মিয়া (৩৭) পলাতক রয়েছেন।
উভয় ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রথম মামলার এফআইআর নং-১, জিআর নং-৭০ এবং দ্বিতীয়টির এফআইআর নং-২, জিআর নং-৭১। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারা প্রয়োগ করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :