নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুটি দোকান ও তিনটি গোডাউন তল্লাশি করে ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুজন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত অবৈধ জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে। দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :