গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রি এবং অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (০৮ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাটগাতি পৌরসভা এলাকায় তদারকিকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪০ ধারা অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই দিনে পাটগাতির চৌরঙ্গী এলাকায় আরেকটি অভিযানে অনুমোদনহীন ও অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির দায়ে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজারে জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করে প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনায় টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন ২০১৬-সহ বিভিন্ন আইনের আওতায় জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :