ময়মনসিংহে পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-৫

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৩ পিএম

ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ইসলামীয়া একাডেমী রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এসআই মো. মতিউর রহমান ও এসআই মো. সাফায়েত হোসেনসহ সঙ্গীয় ফোর্স আকুয়া ইসলামীয়া একাডেমী রোডস্থ ফরিদা পারভীনের তিনতলা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা সবাই ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার বাসিন্দা। তারা হলেন, ফরিদা পারভীন (৪৫) স্বামী-মৃত আজগর আলী। সাদিব হাসান তানজিল (২৮), পিতা-মৃত আজগর আলী (ফরিদা পারভীনের ছেলে), জাহিদ হাসান শিহাব (২৩) পিতা-মোঃ আবুল হোসেন। হালিমা খাতুন (৬০) স্বামী-মৃত নূরুল ইসলাম। মোঃ মনির হোসেন (৪২) পিতা-মৃত নুরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Link copied!