চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ‘মলম অজ্ঞান’ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবুল আজাদ।
গ্রেফতারকৃত ব্যক্তি বেলাল উদ্দিন (৪৫)। পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকাল ৪টার দিকে চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের সামনে একটি সিএনজি অটোরিকশায় এসে বেলাল উদ্দিন, কবির মুন্সী (৩২)সহ অজ্ঞাত আরও একজন মিলে চেতনানাশক পদার্থ ব্যবহার করে বাঁধন সরকার নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে এসআই (নিরস্ত্র) প্রকাশ রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (রেজি: চট্ট মেট্রো-থ-১২-৬৭৮৬) জব্দ করা হয় এবং লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধারসহ বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ও তার সহযোগীরা চেতনানাশক পদার্থ বা স্কোপোলামিন ব্যবহার করে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়ার সঙ্গে জড়িত। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান।
আপনার মতামত লিখুন :