৩৩ জন বদলি হলেও ময়মনসিংহ রেঞ্জ অফিসে ‘বহাল তবিয়তে’ এসআই আবু তাহের: নেপথ্যে নানা গুঞ্জন

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ পিএম

আইরিন সুলতানা: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক রদবদল ও প্রশাসনিক সংস্কার হলেও রহস্যজনকভাবে বহাল তবিয়তে রয়েছেন ক্যাশিয়ার হিসেবে পরিচিত রেঞ্জ অফিসের আর-১ শাখার উপপরিদর্শক (এসআই) আবু তাহের। 

গত কয়েক দফায় রেঞ্জ অফিসের অন্তত ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হলেও আবু তাহেরের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়েনি। তার এই ‘অপরিবর্তনীয়’ অবস্থান নিয়ে খোদ পুলিশের ভেতরেই নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রেঞ্জ অফিসে দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালন করছেন এসআই আবু তাহের। সম্প্রতি রেঞ্জ ডিআইজি কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ৩৩ জন সদস্যকে একযোগে বদলি করা হয়। কিন্তু সেই তালিকায় এই প্রভাবশালী এসআইয়ের নাম না থাকায় খোদ সহকর্মীদের মধ্যেই কানাঘুষা চলছে।

পদায়ন বাণিজ্যের অভিযোগ:

আবু তাহেরের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো—তিনি রেঞ্জ অফিসের ক্যাশিয়ারের দায়িত্ব পালনের আড়ালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ‘লাভজনক’ থানায় পুলিশ সদস্যদের পদায়ন বা বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেন মধ্যস্থতা করেন। অভিযোগ রয়েছে, তার সঙ্গে বিভিন্ন মহলের গভীর সখ্য থাকায় তিনি বদলি এড়িয়ে একই স্থানে খুঁটি গেড়ে বসে আছেন। প্রভাবশালী মহলের আর্শীবাদপুষ্ট হওয়ায় তার অনিয়ম ও প্রভাব নিয়ে কেউ মুখ খোলার সাহস পান না।

রাজনৈতিক সংশ্লিষ্টতা ও স্থানীয় প্রভাব:

স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই আবু তাহেরের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে। নিজ এলাকায় কর্মরত থাকার পাশাপাশি তার বিরুদ্ধে বিগত সময়ে রাজনৈতিক সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে। স্থানীয় ও পেশাগত—উভয় ক্ষেত্রেই তিনি বিশেষ প্রভাব বজায় রাখছেন বলে গুঞ্জন রয়েছে।

কর্তৃপক্ষের অবস্থান:

একই কার্যালয়ে দীর্ঘ সময় অবস্থান এবং বদলি বাণিজ্যের মতো স্পর্শকাতর অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রেঞ্জ অফিসের কয়েকজন সদস্য জানান, স্বচ্ছ প্রশাসন গড়তে যেখানে বড় ধরনের রদবদল করা হয়েছে, সেখানে একজন এসআইয়ের বছরের পর বছর একই পদে থাকা রহস্যজনক।

এদিকে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের স্বচ্ছতা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে যথাযথ তদন্তের মাধ্যমে এসআই আবু তাহেরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Link copied!