শাহরাস্তিতে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:১৭ পিএম

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শাহরাস্তি থানাধীন সূচীপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম-এর তত্ত্বাবধানে এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান-এর নির্দেশনায় থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ আব্দুল কুদ্দুস সরকার, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন এবং সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে ১৮/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ তৌহিদ (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি জামাল হোসেন ও তাসলিমা বেগম-এর ছেলে। তার বাড়ি দৈকামতা (জমাদ্দার বাড়ি), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তার নিজ হেফাজত থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৪, তারিখ: ১৮ এপ্রিল ২০২৬, জি আর নং-৮৩, সময়: রাত ১২টা ১০ মিনিট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশ বলেছে, এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!