তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে ফটিকছড়ি ছাত্রদল: মানবিক উদ্যোগে আপ্লুত ফটিকছড়িবাসী

অসীম বিকাশ বড়ুয়া , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ পিএম

তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ফটিকছড়ির স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের স্বস্তি দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে ফটিকছড়ি উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল। 'শিক্ষার্থীদের পাশে ছাত্রদল'—এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করছে সংগঠনটির নেতা-কর্মীরা।

বিগত কয়েকদিন ধরে চলা এই কার্যক্রমে ছাত্রদলের নেতা-কর্মীদের ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিতে দেখা যায়। রোদ আর গরমে তৃষ্ণার্ত শিক্ষার্থীদের হাতে শীতল পানি ও স্যালাইন তুলে দেওয়ার পাশাপাশি তারা শিক্ষা উপকরণও বিতরণ করছেন। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, রাজনীতির ঊর্ধ্বে উঠে এমন মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক মনোবল বাড়াতে সাহায্য করছে।

ছাত্রদলের এই ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি এক বিবৃতিতে সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আমি বিশ্বাস করি, এটি শুধু একটি সহায়তা কার্যক্রম নয়, বরং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার এক বাস্তব প্রতিফলন। ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিল। আমি আশা করি, ভবিষ্যতেও তারা শিক্ষার্থীদের কল্যাণে এভাবেই অগ্রণী ভূমিকা পালন করবে।"

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, ফটিকছড়ির প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা যাতে এই তীব্র গরমে অসুস্থ হয়ে না পড়ে এবং তাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। শুধু পানি বা স্যালাইন নয়, অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রীও পৌঁছে দিচ্ছেন তারা।

স্থানীয় অভিভাবকরা বলছেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা। ফটিকছড়ি ছাত্রদল সেই আদর্শই বজায় রেখেছে। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে।

শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিতকরণ ও শিক্ষা সহায়ক পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ফটিকছড়ি ছাত্রদলের নেতৃবৃন্দ।

Link copied!