নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের শত বছরের পুরোনো একমাত্র কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রবিবার দুপুরে মদনপুর-গাউছিয়া মহাসড়কের নয়াপুর বাজার সংলগ্ন এলাকায় রাস্তার ধুলোবালি উপেক্ষা করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তর শাখার সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বক্কর, নয়াপুর উত্তরপাড়া মসজিদের সেক্রেটারি মো. ইসমাইল, কোষাধ্যক্ষ মো. আরিফ, সমাজসেবক মো. রুহুল আমিনসহ পাঁচ গ্রামের কয়েকশ নারী-পুরুষ।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ইসহাক মিয়া বলেন, যেখানে মানববন্ধন করা হচ্ছে, ঠিক তার নিচেই শত বছরের পুরোনো একটি কালভার্ট রয়েছে। একসময় এ কালভার্টের নিচ দিয়ে নৌকা চলাচল করত এবং সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ পাঁচ গ্রামের পানি এ পথ দিয়ে নিষ্কাশিত হতো।
তিনি অভিযোগ করেন, মদনপুর-গাউছিয়া মহাসড়ক সংস্কারকাজের সময় গুরুত্বপূর্ণ এ কালভার্টটি ভরাট করে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী সেখানে কালভার্টটি বিদ্যমান রয়েছে। রাস্তার অপর পাশ থেকে নানাখী খাল পর্যন্ত সংযোগ খালও রয়েছে।
তিনি আরও বলেন, কালভার্টটি বন্ধ করে দেওয়া হলে সাদিপুর ও জামপুর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়বে। বসতভিটা, ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আপনার মতামত লিখুন :