কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৯ পিএম

কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে এক চাচার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার হারুয়া কলেজ রোড এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন (পিতা: মৃত সুলতান) বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেটে ও পিঠে ধারালো অস্ত্রের চার থেকে পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। তিনি দাবি করেন, লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Link copied!