যশোরের কেশবপুরে শ্রবণ ও বাক প্রতিবন্ধী দুই ভাই-বোনের জমি প্রতারণার মাধ্যমে বিক্রি ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিকার এবং জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীদের সৎ ভাই ও চাচাতো ভাই সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) কেশবপুর নিউজ ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীদের সৎ ভাই আমিনুর রহমান মুকুল। তিনি অভিযোগ করেন, তাঁর পিতা মৃত গোলাম আজিজের রেখে যাওয়া সম্পত্তি থেকে সৎ ভাই মো. আরিফুর রহমান সবুজ ও তাঁর স্ত্রী হাসিনা বেগম প্রতারণার আশ্রয় নিয়ে জমি বিক্রি করছেন। গত ২১ এপ্রিল কেশবপুর রেজিস্ট্রি অফিসে শ্রবণ ও বাক প্রতিবন্ধী ভাই কুদ্দুসুর রহমান ও বোন নারগিস নাহারকে ভুল বুঝিয়ে বগা মৌজার ১০ শতক জমি সোহাগ মোড়ল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই জমির বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা হলেও পুরো টাকা আরিফুর রহমান ও তাঁর স্ত্রী আত্মসাৎ করেছেন।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এর আগেও একই কৌশলে বগা, রেজাকাটি ও পাটকেলঘাটা মৌজার প্রায় ১ বিঘা ৩৪ শতক পৈতৃক সম্পত্তি বিক্রি করে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন আরিফুর রহমান সবুজ। শুধু জমি নয়, ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী ভাই-বোনের প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটার একটি জুয়েলার্সে মাত্র ১ লাখ টাকায় বন্ধক রেখেছেন বলেও দাবি করা হয়।
আমিনুর রহমান মুকুল অভিযোগ করেন, এসব অন্যায়ের প্রতিবাদ করলে আরিফুর রহমান সবুজ প্রতিবন্ধী ভাই-বোনসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তাঁরা যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কেশবপুর থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে আরিফুর রহমান সবুজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জমি বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, “ঘটনা সত্য, তবে এই ঘটনাগুলো আমার মা ঘটিয়েছেন।”
প্রতারণার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রতিবন্ধী ভাই-বোনের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের জোরালো ভূমিকা দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :