গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে।রোববার দুপুরে উপজেলার বান্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জান্নাত বেগম (২০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে এবং কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ি গ্রামের জুনায়েদ মিয়ার স্ত্রী।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে জান্নাত বেগমের সঙ্গে জুনায়েদ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে কলহ লেগেই ছিল। ঘটনার দিন সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।অভিযোগ রয়েছে, সকালে প্রায় সাড়ে ৮টার দিকে জুনায়েদ তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে জানায়, মেয়েকে নিয়ে যেতে হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। খবর পেয়ে জান্নাতের বাবা শুকুর আলী দ্রুত জামাইয়ের বাড়িতে গিয়ে বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।নিহতের বাবা শুকুর আলী অভিযোগ করে বলেন, “কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া চলছিল। সকালে আমার স্ত্রীকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলে, না হলে মেরে ফেলার হুমকি দেয়।
তারা আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার ও দোষীদের ফাঁসি চাই।”কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আপনার মতামত লিখুন :