ফুলপুরে কংস নদী থেকে পাউবো কর্মী রূপচানের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৫ পিএম

মোঃ আব্দুল মান্নান, ফুলপুর: ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে পানি মাপতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী আব্দুল হালিম রূপচানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সর্চাপুর ব্রিজের উত্তর পাশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহত আব্দুল হালিম রূপচান বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদারের চাচাতো ভাই এবং পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মী ছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল তিনি কংস নদীতে পানির স্তর মাপতে নেমেছিলেন। কাজ করার এক পর্যায়ে তিনি হঠাৎ নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং তাঁর স্বজনরা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজ হওয়ার তিন দিন পর আজ বুধবার বিকেলে সর্চাপুর ব্রিজের সামান্য উত্তরে নদীর পানিতে তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এদিকে রূপচানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। নদীর পাড়ে ভিড় জমান শত শত উৎসুক জনতা।

ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

Link copied!