তারাকান্দায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ০৭:১৮ পিএম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ রহিমা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ মে) রাতে জেলার তারাকান্দা থানাধীন গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) নির্দেশনায় ডিবি পুলিশের ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ)-এর নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে ডিবির একটি চৌকস দল গোপালপুর এলাকায় অবস্থান নিয়ে রহিমাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত মোছাঃ রহিমা (৩৫) ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার পাটগুদাম মদের ডিপো (রেল কলোনী) এলাকার মোঃ বিনু মিয়ার স্ত্রী। তার পিতার নাম মৃত নুর ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রহিমা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আনুষ্ঠানিকতা শেষে আজ (৩ মে) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে।

তারাকান্দায় ডিবি পুলিশের এই ঝটিকা অভিযানের ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

Link copied!