সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ১২:০৩ পিএম

ময়মনসিংহে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক বর্তমান বাংলার ফটোসাংবাদিক মোঃ সোহেল মিয়া। এ ঘটনার প্রতিবাদে ৩ মে ২০২৬ ইং তারিখ দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা জানান, ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার ইমরান মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগসংবলিত একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে সোহেল মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এ ঘটনায় ময়মনসিংহ সিভিল সার্জন দপ্তরের ক্যাশিয়ার  ইমরান মেহেদী হাসান, দালাল আনিসুর রহমানসহ ৭-৮ জনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন সাংবাদিক সোহেল মিয়া।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের জোর দাবি জানান।

মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, দি প্রেসক্লাব অব ময়মনসিংহ কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন, সাংবাদিক বিল্লাল হোসেন মানিক (সম্পাদক, কাগজের আলো), সাংবাদিক মোঃ কামাল হোসেন, দৈনিক বর্তমান বাংলা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ আমিনূর ইসলাম রাব্বি, দৈনিক আজকের কালের কন্ঠের জেলা প্রতিনিধি জামাল খান, ময়মনসিংহ প্রতিদিনের এনামুল হক ছোটন, শরত সেলিম, মোরশেদ কামাল মিজান, মিজান তালুকদার, সাজ্জাদ সেলিম, আব্দুস সাওয়ার, দিন ইসলাম, সাংবাদিক সাদিয়া, সাংবাদিক সুমি, সাংবাদিক নজরুল ইসলাম বাবু, আতিকুল ইসলাম শাওন, সাংবাদিক সোহাগ, সাংবাদিক রিক্তা আক্তারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৫২ জন সাংবাদিক এবং সোহেল মিয়ার পরিবারের সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!