মাদকের টাকার জন্য মা'কে মারধর: যুবকের ৬ মাসের কারাদণ্ড

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০১:২৯ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে ইমাম হোসেন (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকসেবী ইমাম মাদক কেনার জন্য মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে ওঠেন। খবর পেয়ে সোমবার তাদের বাড়িতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

Link copied!