শাহরাস্তিতে চোরাই অটোরিকশা ও বাইকসহ ৪ চোর গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০৬:২৫ পিএম

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের এক সফল অভিযানে আন্তঃজেলা অটোরিকশা ও মোটরসাইকেল চোর চক্রের মূল ঘাঁটির সন্ধান মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল নতুন বাড়ি এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মোঃ ইউসুফ (৪০)-কে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে দুটি সম্পূর্ণ ব্যাটারিচালিত অটোরিকশা, একটি কাটা অটোরিকশার অংশ, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল এবং পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় সাহাপুর এলাকায় আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটি বিভিন্ন জেলা থেকে যানবাহন চুরি করে এনে যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করত।

থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, এটি একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চক্র এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের বাকি সদস্যদের ধরতে ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশ সবাইকে রাতে যানবাহন নিরাপদে রাখার এবং সন্দেহজনক কিছু দেখলে থানায় জানানোর আহ্বান জানিয়েছে।

Advertisement

Link copied!