নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার মালিকানাধীন একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ চোরাই গার্মেন্টস কাপড় উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন রাজু। তিনি জানান, সোমবার (৪ মে) দুপুরে সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এবং হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচরের আজিম নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬৩টি কাপড়ের বান্ডিল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দর থেকে 'কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেড'-এর আমদানীকৃত কাপড়ের একটি বড় চালান গাজীপুরের উদ্দেশ্যে কাভার্ডভ্যানে রওনা দেয়। ২৫ এপ্রিল রাতে চালক সুমনের সহায়তায় চক্রটি গাড়িটি গন্তব্যে না নিয়ে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ায় নিয়ে আসে। সেখানে স্বেচ্ছাসেবক দল নেতা বাশার, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন ও তাঁতী দল নেতা ইব্রাহীম খলিলের যোগসাজশে কাপড়গুলো দুই ভাগে ভাগ করে লুকিয়ে রাখা হয়। এর মধ্যে বড় একটি অংশ রাখা হয় সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার গোডাউনে।
ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা বলেন, "আমি কেবল ঘরটি ভাড়া দিয়েছি। ভাড়াটিয়া সেখানে কী পণ্য রেখেছে তা আমার জানা ছিল না।" অন্যদিকে, অভিযুক্ত ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন ও তাঁতী দল নেতা ইব্রাহীম খলিলও এই চুরির ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেছেন। তবে স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ছাড়া এত বড় চুরির চালান সংরক্ষণ করা অসম্ভব।
গত ২৭ এপ্রিল চট্টগ্রামের হালিশহর থানায় দায়েরকৃত মামলার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়। ডিবির এসআই মহিউদ্দিন রাজু জানান, অভিযানে ৯৬টি বান্ডিল সুবর্ণচর থেকে এবং ৬৭টি বান্ডিল হাতিয়া থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাশারকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এই চুরির ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই চক্রের সঙ্গে জড়িত সকল হোতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :