ত্রিশালে ডাকাতির প্রস্তুতিকালে হেরোইন ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ১১:২৪ এএম

ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতিকালে দুই কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা বাজার এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে নামে। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে রাগামারা বাজার এলাকার সাদিয়া কমপ্লেক্সের সামনে থেকে নবী হোসেন (৩৩) ও মো. শামীমকে (২৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের তল্লাশি করে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া তাঁদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং ডাকাতির সরঞ্জাম হিসেবে প্লাস, রেঞ্চ, কাটার, হাতুড়ি, রশি, এসএস রড, লোহার পাইপ, রামদা ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। নবী হোসেনের বিরুদ্ধে ২২টি এবং শামীমের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় ত্রিশাল থানায় ডাকাতির প্রস্তুতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ বলেন, “ত্রিশালে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন মানুষকে শান্তিতে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। যারা এলাকায় অশান্তি সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” তিনি জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ- আল মামুনের দিকনির্দেশনায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আমিন সরকার পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, “ওসি মনসুর আহমেদ যোগদান করার পর থেকে মাদক কারবারিরা তটস্থ। এভাবে অভিযান চললে ত্রিশাল থেকে দ্রুত মাদক নির্মূল করা সম্ভব। বর্তমান পুলিশ সুপার অত্যন্ত দক্ষ ও মেধাবী, তাঁর নেতৃত্বে পরিচালিত এই অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে।”

Link copied!