মৃত্যুও আলাদা করতে পারল না তাদের: স্বামী-স্ত্রীর বিরল প্রস্থান

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০১:৪৯ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক নিভৃত পল্লীতে ভালোবাসার করুণ উপাখ্যান রচিত হলো। মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে পরপারে পাড়ি জমালেন স্বামী ও স্ত্রী। এই হৃদয়বিদারক ঘটনায় উপজেলার পাইককান্দি গ্রামসহ পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইককান্দি গ্রামের সাত্তার খানের ছেলে ভ্যানচালক মিঠু খান (৫০) সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বামীর দাফন শেষ হতে না হতেই শোক সইতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্ত্রী হেনা বেগম (৪৫)। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর বিকেল ৪টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গ্রামবাসীরা জানান, পরিশ্রমী এই দম্পতির মধ্যে ছিল অগাধ ভালোবাসা। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরেই স্ত্রীর এই আকস্মিক চলে যাওয়া বলে ধারণা করছেন স্বজনরা। একই দিনে পরিবারের দুই প্রধান সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তাদের সন্তান ও নিকটাত্মীয়রা। এই দম্পতির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Link copied!