ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
৬ মে সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পার্টনার’ প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন এবং কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় অর্জিত সাফল্য, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রকল্পটির ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিনিয়র মনিটরিং অফিসের ভূমিকা ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন শেখ সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ কামরুজ্জামান বলেন, “বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর এখন পুষ্টি ও রপ্তানিমুখী কৃষির দিকে এগিয়ে যাচ্ছে। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও রেজওয়ানা নাহিদ কালীগঞ্জ উপজেলার কৃষকদের এ প্রকল্পের সঙ্গে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজকরা জানান, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ‘পার্টনার’ প্রকল্প ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :