শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ৩ আসামি ও ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০১:৫১ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে আইন-শৃঙ্খলা রক্ষায় আবারও সক্রিয় ভূমিকা রেখেছে থানা পুলিশ। পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক উদ্ধার, দুই ক্ষেত্রেই সফলতা অর্জন করেছে পুলিশ।

প্রথম অভিযানে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মনিরুজ্জামান ভূঁইয়া, এসআই (নিঃ) মিঠুন দাস এবং এএসআই (নিঃ) মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর ও নন-জিআর পরোয়ানাভুক্ত মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাখাওয়াত হোসেন (৪৫) ও আলমগীর হোসেন (৫০), উভয়ই নোয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জাহিদুল হাসান অভি, রাগৈ এলাকার বাসিন্দা। পরবর্তীতে তাঁদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে মাদকবিরোধী অভিযানে শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক দুটি দল সক্রিয় ভূমিকা পালন করে। প্রথম মাদকবিরোধী অভিযানে, এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল ছিখটিয়া (রিভার ভিউ) ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন শাহিদুল ইসলাম (১৯) ও আল আমিন (২৯)। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

দ্বিতীয় অভিযানে, এসআই (নিঃ) আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) মো. বাবুল হোসেনের নেতৃত্বে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ মাইনুদ্দিন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী মো. সোহাগ কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। শাহরাস্তি থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হচ্ছে বলে সচেতন মহল মনে করছে। পাশাপাশি মাদকবিরোধী এই কঠোর অবস্থান তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

Link copied!