মুরাদ পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরোহী

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০২:২১ পিএম

কিশোরগঞ্জ পৌর শহরের গাইটাল এলাকায় মুরাদ পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী ও ব্যবসায়ী আল আমিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে আল আমিন নান্দাইল চৌরাস্তায় অটো পার্টসের ব্যবসা করেন। মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তিনি কিশোরগঞ্জ পৌর শহরের মুরাদ পেট্রোল পাম্পে তেল নিতে থামেন।

তেল নেওয়া শেষে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে আল আমিন দ্রুত মোটরসাইকেল ফেলে নিরাপদ দূরত্বে সরে যান। এ সময় পাম্পে উপস্থিত লোকজন এগিয়ে এসে মোটরসাইকেলটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, আগুন ছড়িয়ে পড়লে পেট্রোল পাম্পে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বা জ্বালানির লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Link copied!