বরিশালে ভেঙ্গে পড়া সেতু যেন মরণফাঁদ, জনদূর্ভোগ চরমে

রিয়াজ শরীফ , বরিশাল জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০২:৪৬ পিএম

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

​সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, আলতা গ্রামের এই গুরুত্বপূর্ণ সংযোগ সেতুটির একটি বড় অংশ ধ্বসে পড়ে আছে। সেতুর রেলিং ভেঙে গেছে এবং মাঝখানের স্লাব ধসে যাওয়ায় এটি এখন চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ এই পথে যাতায়াত করছেন। খাল ভরাট করে অস্থায়ী যাতায়াতের পথ তৈরি করায় কৃষিক্ষেত ও বসতবাড়িতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যার কারনে কৃষিপণ্য পরিবহনেও এলাকাবাসীকে পড়তে হচ্ছে চরম বিপাকে।

এলাকাবাসীর অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই।

সামান্য অসতর্কতায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতে এই পথে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সেতুটি মেরামত করা না হলে জনদূর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গ্রামবাসী অবিলম্বে এই ভেঙে পড়া সেতুটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

 

Link copied!