রাজবাড়ীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে পুলিশকে মারধর, যুবক আটক

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০২:২৭ পিএম

রাজবাড়ীতে একটি লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সের পথরোধ করে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে মো. রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত রানা পৌর শহরের চর লক্ষীপুর এলাকার মো. আশরাফ গাজীর ছেলে।

গতকাল শনিবার (৯ মে) দুপুরে শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রাইভার কনস্টেবল মো. বকুল চৌধুরী বালিয়াকান্দী থানা থেকে একটি লাশ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছিলেন। পথে সজ্জনকান্দা বড় মসজিদ এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে অভিযুক্ত রানার মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে।

এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রানা প্রথমে গালিগালাজ করেন এবং পরবর্তীতে ১ নম্বর রেলগেট এলাকায় অ্যাম্বুলেন্সের গতিরোধ করেন। এসময় তিনি গাড়ির দরজা খুলে কনস্টেবল বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করেন। পরে স্থানীয় জনতা ও সাথে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়।

আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় কনস্টেবল মো. বকুল চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!