লালমনিরহাট সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন কর্তৃক নিরাপত্তা জোরদার

রাকিব ইসলাম , পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৩:১৫ পিএম

লালমনিরহাট জেলার হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগন সর্বোচ্চ সতর্ক অবস্থানে হয়েছে। এছাড়াও, তিস্তা ব্যাটালিয়নের প্রতিটি বিওপি হতে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।    

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ রোধকল্পে তিস্তা ব্যাটালিয়ন নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। বিশেষ করে মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে ৬১ বিজিবির সদস্যরা দিন-রাত নিরলসভাবে টহল পরিচালনা করছে। 

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, "চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে"। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। এছাড়াও, সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।

 

Link copied!