কেশবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০১:৪৫ পিএম

মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। তাদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আজ ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ১০:০০ ঘটিকায় যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী/গাজীর মোড়ে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে কেশবপুর উপজেলা ফারিয়া, কেশবপুর, যশোর।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ, বিসিডিএস সদস্য মোঃ আনোয়ার হোসেন, কেশবপুর উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন (এস.কে.এস ফার্মাসিটিক্যাল), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (বিকন ফার্মাসিউটিক্যাল) এবং সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল (এরিস্টোফার্মা) সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেশবপুর উপজেলা ফারিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (বিকন ফার্মাসিউটিক্যাল)।

বক্তব্যসমূহ

সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ। অথচ নানা অনিরাপদ পরিস্থিতি ও পেশাগত বৈষম্যের মধ্যে কাজ করতে হচ্ছে। আমাদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে।

সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অপরিসীম। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মান ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ বক্তব্যে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। তাদের সঙ্গে যেকোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Link copied!