পূবাইল বাজার পশুর হাটে জমবে কোরবানির বেচাকেনা; প্রশাসনের কঠোর অবস্থানে স্বস্তি ফিরেছে বাজারে

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১১:০৪ পিএম

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের পূবাইল বাজার অস্থায়ী পশুর হাটে এবার কোরবানির পশুর বেচাকেনা ব্যাপকভাবে জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। প্রশাসনের কঠোর নজরদারি ও অবৈধ পশুর হাট বসানোর অপচেষ্টা বন্ধে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার পর পুরো হাট এলাকা এখন স্বাভাবিক ও স্বস্তিকর পরিবেশে ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১১ মে) বিকালে গাজীপুর জেলা প্রশাসক ও সিটি করপোরেশন প্রশাসকের কড়া নির্দেশনার পর জয়দেবপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনকে পূবাইল বাজার বালু নদীর অপর পাড়ে ছোটকয়ের–বড় কয়ের এলাকায় অবৈধ পশুর হাট বসানোর পাঁয়তারা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের এই অবস্থানের পরই পরিবর্তনের ছোঁয়া লাগে পুরো পূবাইল বাজার পশুর হাটে।

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন কঠোর নির্দেশনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সরকারি ইজারাকৃত পূবাইল বাজার পশুর হাটকে ঘিরে ক্রেতা–বিক্রেতাদের মধ্যে নতুন করে প্রস্তুতি শুরু হয়েছে। এতে হাটের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে।

জানা গেছে, পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের সৌজন্যে পরিচালিত এ অস্থায়ী পশুর হাটটি চলতি ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেন সরকারি ইজারা পেয়েছেন। সরকারি অনুমতি অনুযায়ী আগামী ২৩ মে থেকে ঈদের সকাল পর্যন্ত হাটটি পরিচালিত হবে।

ইজারাদার পক্ষের দাবি, সরকারি নিয়ম মেনে হাট পরিচালনার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন ব্যবস্থাপনা ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে স্থানীয় গরু ব্যবসায়ী ও ব্যবসায়ীরা জানান, সরকারি অনুমোদিত হাটে পশুর চিকিৎসা সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক নজরদারি থাকায় ক্রেতাদের আস্থা বেশি থাকে। ফলে এবারও পূবাইল বাজার হাটে কোরবানির পশুর বেচাকেনা আরও ভালো হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পূবাইল বাজার এলাকার ব্যবসায়ীরাও বলছেন, অবৈধ হাট বসানোর অপচেষ্টা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। এতে ক্রেতা–বিক্রেতার আস্থা আরও বেড়েছে ও হাটটি ঈদের আগে আরও জমজমাট হয়ে উঠবে বলে তারা মনে করছেন।

 

 

এদিকে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার পর পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের এমন শক্ত অবস্থানের কারণে অবৈধ পশুর হাটের ঝুঁকি অনেকটাই কমে এসেছে। ফলে এখন একমাত্র বৈধ ইজারাকৃত পূবাইল বাজার পশুর হাটেই কোরবানির পশুর বেচাকেনা জমে উঠবে—এমন প্রত্যাশাই করছেন স্থানীয়রা।

Link copied!