সবাই মিলে দেব কর, স্বনির্ভর হবে গাজীপুর

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৬:৫০ পিএম

‘সবাই মিলে দেব কর, সিটি কর্পোরেশন হবে স্বনির্ভর’,এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরের আটটি জোনে একযোগে শুরু হয়েছে কর মেলা-২০২৬। নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করা, বকেয়া কর আদায় বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা শক্তিশালী করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আয়োজন থেকে সমস্বরে আরও  উচ্চারিত হয়েছে"সবাই মিলে দেব কর, স্বনির্ভর হবে গাজীপুর"।

মঙ্গলবার (১২ মে)গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর মেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, কর নির্ধারণ কর্মকর্তা মোঃ আতাউর রসূল ভূঁইয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল ও লাইসেন্স কর্মকর্তা মোঃ আব্দুর রশিদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কর মেলায় আবাসিক হোল্ডিং মালিকদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করলে ৪০ শতাংশ পর্যন্ত কর মওকুফ সুবিধা পাচ্ছেন নাগরিকরা। এই ঘোষণার পর থেকেই নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা গেছে। বিভিন্ন জোনে কর পরিশোধে দীর্ঘ লাইন ও ভিড় লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “জনগণের রাজস্ব আয়ই নগর উন্নয়নের মূল চালিকাশক্তি। একটি আধুনিক, পরিকল্পিত ও স্বনির্ভর নগর গড়ে তুলতে নাগরিকদের কর প্রদানের বিকল্প নেই। নগরবাসীর করের অর্থ দিয়েই রাস্তা, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, আলোকায়ন ও নাগরিক সেবার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।”

তিনি আরও বলেন, “কর প্রদান শুধু দায়িত্ব নয়, এটি নগর উন্নয়নে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছি। কর মেলার মাধ্যমে হয়রানিমুক্ত পরিবেশে সহজে কর পরিশোধের সুযোগ সৃষ্টি করা হয়েছে।”

প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান বলেন, “কর আদায় বৃদ্ধি পেলে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। নগরবাসীর সুবিধার্থে ডিজিটাল পদ্ধতিতে কর ব্যবস্থাপনা সহজীকরণ ও সেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।”

কর মেলায় অংশ নেওয়া নাগরিকরা জানান, একসঙ্গে কর পরিশোধে বড় অঙ্কের মওকুফ সুবিধা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি দ্রুত ও সহজ সেবা পাওয়ায় এ উদ্যোগকে সময়োপযোগী বলেও মন্তব্য করেন তারা।

গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, কর মেলা চলাকালে নগরবাসীকে দ্রুত ও নির্বিঘ্ন সেবা দিতে বিশেষ বুথ, তথ্য সহায়তা কেন্দ্র ও অতিরিক্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে। আগামী এক মাসব্যাপী চলবে এ কর মেলা।

Advertisement

Link copied!