নিউমার্কেট থানার এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১১ মে) দীর্ঘ কারাবাসের পর সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়ায় বিষয়টি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :